মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই। যুদ্ধবিরতির আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার ভবিষ্যৎ নিয়ে এবার কঠোর অবস্থান জানাল তেহরান। ইরান বলছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না তারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আত্মরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না তেহরান। তার দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের যেসব হামলা চালানো হয়েছে, সেগুলো কেবল সেই মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে, যেখান থেকে ইরানের ওপর হামলা চালানো হয়েছিল।
বাঘাই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে ব্যবহার করে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
ইরানি মুখপাত্র জানান, সম্প্রতি অনুষ্ঠিত আলোচনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। তবে ওমানের ওপর যুক্তরাষ্ট্রের চাপের কারণে সেই আলোচনায় অগ্রগতি হয়নি বলে অভিযোগ তেহরানের।
এদিকে আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, ওয়াশিংটন যদি চুক্তির শর্ত বাস্তবায়ন না করে, তাহলে তেহরানও সেই প্রতিশ্রুতি মানতে বাধ্য থাকবে না।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান এবং সমঝোতা নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যেও।

