জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে ইউরোপজুড়ে। জুনের শেষ সপ্তাহের মাত্র সাত দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশে ১০ হাজারেরও বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। আর নিহতদের মধ্যে ৯ হাজারের বেশি ছিলেন ৬৫ বছর বা তার বেশি বয়সী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সমর্থিত ইউরোমমো নেটওয়ার্কের তথ্য বলছে, ২২ থেকে ২৮ জুন পর্যন্ত ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে রেকর্ডভাঙা তাপপ্রবাহে মৃত্যুহার অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড গরম শুধু হিটস্ট্রোকই নয়, হৃদরোগ ও শ্বাসকষ্টের মতো জটিল রোগের ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দেয়। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বয়স্করা।
ডেনমার্কের স্টেটেনস সিরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড বলেছেন, বছরের এই সময়ে এত বেশি অতিরিক্ত মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক এবং তীব্র তাপপ্রবাহ ছাড়া এর অন্য কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া কঠিন।
এদিকে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু মে ও জুন মাসেই ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ২ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের কারণে। গবেষকদের মতে, এসব মৃত্যুর ৪২ শতাংশের জন্য দায়ী বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপপ্রবাহের তীব্রতা বৃদ্ধি।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা—জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে, ভবিষ্যতে এমন প্রাণঘাতী তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও ভয়াবহ রূপে ফিরে আসতে পারে।

ডেস্ক রিপোর্ট 

























