পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সম্প্রতি এক সমাবেশে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দেন। তিনি বলেন, ভারত যদি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখে, তবে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প থাকবে না। ৬টি নদীর অধিকার ফেরত নিতে পাকিস্তান যুদ্ধ করার মতো শক্তিশালী বলে দাবি করেন তিনি। বিলাওয়াল আরও সতর্ক করে বলেন, ভারত যদি ‘অপারেশন সিঁদুর’-এর মতো হামলার চিন্তা করে, তবে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত, এবং এতে ভারত অবশ্যই হারবে।

এদিকে, বিলাওয়ালের বক্তব্যের জবাবে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি ভারতের কোনো ক্ষোভ নেই, তবে এমন হুমকি সহ্য করা হবে না। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে একের পর এক ব্রহ্মস মিসাইল ছোড়া হবে, আর না হলে বাঁধ বানিয়ে ১৪০ কোটি ভারতীয় প্রস্রাব করবে, পরে বাঁধ খুলে দিলে সুনামি এসে পাকিস্তান ভেসে যাবে।

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পারমাণবিক হুমকি দেন। তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধে অস্তিত্ব সংকটে পড়ে, তবে পৃথিবীর অর্ধেককে ধ্বংস করে দেওয়া হবে। এছাড়া, ভারত যদি সিন্ধু নদীতে কোনো অবকাঠামো তৈরি করে, সেটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হবে বলেও সতর্ক করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য হুমকি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মিঠুনের মন্তব্যে কৌতুক থাকলেও এর মধ্যেই ভারতীয় অবস্থানের কড়া সতর্কবার্তা স্পষ্ট—আত্মরক্ষায় কোনো ছাড় দেবে না ভারত।