বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবির পূরণের আভাস মিলেছে। বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার বিষয়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ৯টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে বসবেন। এতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শিক্ষকদের জন্য ইতিবাচক ঘোষণা আসতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রয়োজনীয় হিসাবও করা হয়েছে। আশা করছি, মঙ্গলবারের মধ্যেই শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে।”
তিনি আরও জানান, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ চলছে, তাই সিদ্ধান্ত নিতে কোনো বাধা হবে না।
অন্যদিকে, ২০ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, “রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না আসে, তবে কর্মবিরতি ও লং মার্চ অব্যাহত থাকবে।”

ডেস্ক রিপোর্ট 



















