৪১ বছর বয়সী ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসিম খন্দাকজি দীর্ঘ ২০ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে নির্বাসিত জীবনের সূচনা করেছেন মিশরে। সোমবার (১৩ অক্টোবর) মিশরে পৌঁছানোর পর প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্যালেস্টিনীয় স্কার্ফ পরিহিত খন্দাকজিকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন তার সমর্থকরা।
২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে তেলআবিবে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি এবং তিনটি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কারাগারে থেকেই সাহিত্যচর্চা শুরু করেন খন্দাকজি এবং লেখেন একাধিক বই। তার লেখা উপন্যাস ‘A Mask, the Colour of the Sky’ ২০২৪ সালে আন্তর্জাতিক আরবি উপন্যাস পুরস্কার (IPAF) অর্জন করে, যা তাকে আরব সাহিত্য অঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস জানায়, সোমবার ইসরায়েল যে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে, তাদের মধ্যে অন্তত ১৫৪ জনকে নির্বাসনে পাঠানো হয়েছে।
সূত্র: আল জাজিরা

