রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৌশাইর শাখার এক শিক্ষককে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার কারণে স্থায়ীভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর এম. এ. মান্নানের স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর অষ্টম শ্রেণির ড্যাফোডিল শাখায় বিজ্ঞান বিষয় পড়ানোর সময় শিক্ষক অভিজিত বিশ্বাস ধর্ম বিষয়ক বিরূপ মন্তব্য করেন, যা ছাত্রদের মধ্যে অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করে।

ঘটনার সত্যতা যাচাই ও সমাধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অধ্যক্ষ জানিয়েছেন, অভিজিত বিশ্বাসকে মাইলস্টোনের কোনো শাখায় পুনরায় চাকরি দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের মনোবল ও ধর্মীয় চেতনা পুনরুদ্ধারের জন্য কলেজ প্রশাসনের উদ্যোগে একটি সেমিনার আয়োজন করা হবে। প্রতিষ্ঠান পক্ষ থেকে ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।