এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সোমবার (১৩ জুলাই) সাও পাওলো অঙ্গরাজ্যে এক জনসভায় এ কথা বলেন তিনি। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ওই জনসভায় লুলা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালি খুলে দেবেন। কিন্তু সেখানে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে তিনি ২০ শতাংশ অর্থ নেয়ার পরিকল্পনা করেছেন। আগে একে জলদস্যুতা বলা হতো।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ, যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা এভাবে নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না।’ তিনি সতর্ক করে বলেন, ‘এই সংঘাতের কারণে ব্রাজিলে শিম, চাল, টমেটো ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি জ্বালানির দামও বাড়ছে।’

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপ করা হবে। তার দাবি, এই অর্থ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালি দিয়ে যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়। পরে জুনে শান্তি চুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক উত্তেজনার পর ট্রাম্প আবারও কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন।

আসন্ন অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে লড়তে যাওয়া ৮০ বছর বয়সী ব্রাজিলের প্রেসিডেন্ট জানান, ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তার সরকার সাময়িক কিছু পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া মার্চ মাসে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপ করা ১২ শতাংশ কর থেকে পাওয়া অর্থও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে ব্যয় করা হচ্ছে বলে জানান তিনি।