মেক্সিকোতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬৫ জন নিখোঁজ রয়েছেন। সোমবার দেশটির সরকার এই তথ্য নিশ্চিত করেছে। উপসাগরীয় উপকূল ও মধ্যাঞ্চলে একটি ক্রান্তীয় নিম্নচাপের প্রভাবে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
বর্ষা মৌসুমের একেবারে শেষদিকে এই নিম্নচাপটি আঘাত হানে। এসময় আবহাওয়াবিদদের মনোযোগ ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দুটি হারিকেনের দিকে, ফলে এই অপ্রত্যাশিত দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বলেন, “এত তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়নি।”
নৌবাহিনীর সচিব অ্যাডমিরাল রেমুন্ডো মোরালেস জানান, উষ্ণ ও শীতল বায়ুর সংমিশ্রণেই এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। কয়েক মাসের ধারাবাহিক বৃষ্টিতে নদীগুলো আগে থেকেই উপচে পড়েছিল এবং পাহাড়ের মাটিও দুর্বল হয়ে পড়েছিল, যা ভূমিধসের ঝুঁকি বাড়ায়।
প্রেসিডেন্ট শেইনবাম জানান, দুর্যোগে প্রায় এক লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে আলোচনা করতে তিনি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন। বেসামরিক সুরক্ষা সংস্থার জাতীয় সমন্বয়ক লরা ভেলাজকেজ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























