পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে আবারও বড় ধরনের সামরিক সংঘর্ষ শুরু হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই সংঘাতে তারা আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত পোস্ট এবং ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করেছে।

পাকিস্তানভিত্তিক জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার কুর্রম জেলার সীমান্তে আফগান সেনা এবং নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিনা উস্কানিতে হামলা চালালে পাকিস্তানের সেনারা পাল্টা আক্রমণ চালায়। সংঘাতের মাত্র এক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের শামশাদ ও নার্গসার পোস্টসহ চারটি ঘাঁটি ধ্বংস হয়। এই হামলায় টিটিপির একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ত প্রদেশের শামশাদ সেনা পোস্ট ধ্বংস করার পর নার্গসার পোস্টে অন্তত চারটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। এরপর তুর্কমানজাই পোস্টে ষষ্ঠ ট্যাঙ্ক ধ্বংস করা হয় এবং পোলসেন পোস্টের কাছে একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে। আফগান সেনারা পাকিস্তানের শক্তিশালী পাল্টা হামলার মুখে তাদের পোস্ট ছেড়ে পালিয়ে যায়।