মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। একদিকে পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে কূটনৈতিক চাপ। এমন পরিস্থিতিতে ইরানকে 'ভদ্র আচরণ' করার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্পের এই সতর্কবার্তার পর বুধবার সন্ধ্যায় ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য হুমকি তৈরি করতে ইরান তাদের সামরিক সক্ষমতা ব্যবহার করছে। এছাড়া, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করা একটি পৃথক জাহাজে গুলি চালানোর কথাও জানিয়েছে তারা।

এর আগে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের হামলার অভিযোগ তোলে ওয়াশিংটন। এরই মধ্যে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, চুক্তি থেকে তেহরান যদি কোনো বাস্তব সুবিধা না পায়, তাহলে সেটি মেনে চলারও কোনো কারণ নেই।

অন্যদিকে, ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন— আগামী সপ্তাহের মধ্যে ইরান আলোচনায় না ফিরলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে না চাইলেও তিনি বলেন, "তারা পুরো বিষয়টি জানে। তাদের ভদ্র আচরণ করা উচিত।"

মধ্যপ্রাচ্যে সংঘাতের এই নতুন অধ্যায় পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।