সিরিয়ার পূর্বাঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত চার সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেইর আজ-জোর ও মায়াদিনের সংযোগকারী সড়কে এই হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার তেলমন্ত্রী মোহাম্মদ আল-বশির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, সেনারা তেল স্থাপনায় প্রহরী হিসেবে কাজে যোগ দিতে যাওয়ার পথে হামলার শিকার হন।

এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এলাকাটি ইসলামিক স্টেটের (আইএস) স্লিপার সেলের সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত। আইএস ২০১৯ সালে পরাজিত হলেও বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সিরিয়া ও ইরাকের বিশাল অংশ একসময় নিয়ন্ত্রণে রাখা আইএস বর্তমানে দামেস্কের অন্তর্বর্তী সরকারবিরোধী। দেশটির এই সরকার পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারার নেতৃত্বে, যিনি আগে সিরিয়ায় আল-কায়েদা শাখার প্রধান ছিলেন এবং আইএসের বিরুদ্ধেই লড়াই করেছিলেন।