ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আপাতত রাজি নয় জাপান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে টোকিও জানিয়েছে, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে বিষয়টি মূল্যায়ন অব্যাহত থাকবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানের গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় দৈনিক আসাহি নাম প্রকাশ না করা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে।

চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। অন্যদিকে, কিয়োদো নিউজ জানিয়েছে, বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র জাপানকে আপাতত স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে। তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো সম্প্রতি জাপানকে ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, “টোকিও এখনো সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সমন্বিতভাবে মূল্যায়ন করছে।” বুধবার একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি। তিনি গাজায় ইসরায়েলি স্থল অভিযানের কারণে “গুরুতর সংকট” নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।”

হায়াশি আরও বলেন, দুর্ভিক্ষসহ ভয়াবহ মানবিক সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এজন্য ইসরায়েলকেও দায়িত্ব নিতে হবে।

এদিকে আসাহি জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে বৈঠক হবে। তবে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সেখানে যোগ দেবেন না।