পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মিরের পেহেলগাম হামলার জবাবে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গে তিনি এ কথা বলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রদেশের ধার জেলায় নিজের ৭৫তম জন্মদিনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “এটা নতুন ভারত। কাউকে ভয় পায় না। ভারতীয় সেনারা শত্রুর ঘরে ঢুকে আঘাত হানতে পারে। নতুন ভারত পারমাণবিক হুমকিতেও ভয় পায় না।”
তিনি আরও জানান, পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে পরিচালিত এই অভিযানে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ (জেইএম)। এর মাধ্যমে ইসলামাবাদের সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা আবারও উন্মোচিত হয়েছে।
মোদি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্যের প্রতিও ইঙ্গিত করেন। মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং “বিশ্বের অর্ধেককে ধ্বংস করবে।”
অভিযান প্রসঙ্গে মোদি বলেন, “অপারেশন সিন্দুরে আমরা জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছি। জইশের জঙ্গিরাই পাকিস্তানকে উন্মোচিত করেছে।”
একই অনুষ্ঠানে মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজন অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্রা) পার্ক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি ‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ ও ‘জাতীয় পুষ্টি মাস’ কর্মসূচির উদ্বোধন করেন।
সরকারি তথ্যে জানানো হয়, পিএম মিত্রা প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে বিশ্বমানের সাতটি টেক্সটাইল উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। ধার জেলার ভৈনসোলা গ্রামে প্রায় ২ হাজার ১৫৮ একর জায়গাজুড়ে তৈরি হওয়া টেক্সটাইল পার্ক তুলা উৎপাদকদের বিশেষভাবে উপকৃত করবে।
‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ কর্মসূচি আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে। এতে নারীদের মানসিক স্বাস্থ্য, লিঙ্গসমতা, কিশোরী অ্যানিমিয়া নিয়ন্ত্রণ ও সক্রিয় জীবনধারায় বিশেষ জোর দেওয়া হবে।
এনডিটিভি জানায়, জন্মদিনে মধ্যপ্রদেশ সফর মোদির জন্য নতুন নয়। ২০২২ সালেও নিজের জন্মদিনে তিনি রাজ্যটিতে গিয়েছিলেন। এদিন তিনি বলেন, “ভারতের কোটি কোটি মা-বোন আমাকে আশীর্বাদ করছেন। ধারেই দেশের সবচেয়ে বড় টেক্সটাইল পার্ক শিল্পে নতুন গতি আনবে এবং কৃষকের উৎপাদিত ফসলের যথাযথ মূল্য নিশ্চিত করবে।”

