তুরস্কের মেগাসিটি ইস্তাম্বুলের পৌর পরিষদ সর্বসম্মতিক্রমে গাজার জন্য একটি মানবিক সহায়তা উদ্যোগ এবং গাজা স্ট্রিপের সঙ্গে ‘সিস্টার সিটি’ চুক্তি অনুমোদন করেছে। চলমান মানবিক সংকটের মধ্যে গাজার জনগণের সঙ্গে সংহতি জোরদার করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
ডেপুটি স্পিকার গোকহান গুমুশদাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অধিবেশনে, সব রাজনৈতিক দলের কাউন্সিল সদস্যরা প্রস্তাবটির পক্ষে সমর্থন জানান।
‘সিস্টার সিটি’ হওয়া মানে হলো দুটি শহরের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলা, যার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়, মানবিক সহায়তা, নগর উন্নয়ন ও সামাজিক প্রকল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হয়।
ভোটের পর রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কাউন্সিল সদস্য বাতুহান এরসয় বলেন, “এই মানবিক প্রচেষ্টা রাজনীতির ঊর্ধ্বে।”
তিনি আরও বলেন, “সিএইচপি গ্রুপ হিসেবে আমরা মানবিক সহায়তাকে রাজনীতির ঊর্ধ্বে একটি দায়িত্ব হিসেবে দেখি। ২০২৩ সালে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোআলুর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে গাজায় সহায়তা পাঠানো হয়েছিল। এই উদ্যোগগুলো কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া হয়েছিল।”

ডেস্ক রিপোর্ট 
























