চীনের কমিউনিস্ট পার্টি দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে। এটি কয়েক দশকের মধ্যে সেনাবাহিনীর ওপর সর্ববৃহৎ প্রকাশ্য অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত কর্মকর্তারা গুরুতর আর্থিক অপরাধের জন্য সন্দেহভাজন এবং পার্টির শৃঙ্খলা লঙ্ঘন করেছেন। তাদের সামরিক বাহিনী থেকেও অপসারণ করা হয়েছে এবং সামরিক বিচারের প্রক্রিয়া শুরু হবে।
বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:
- হি ওয়েইডং, কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান
- মিয়াও হুয়া, সিএমসির রাজনৈতিক কর্ম বিভাগের পরিচালক
- হি হংজুন, সিএমসির রাজনৈতিক কর্ম বিভাগের নির্বাহী উপ-পরিচালক
- ওয়াং শিউবিন, জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের নির্বাহী উপ-পরিচালক
- লিন জিয়াংইয়াং, পূর্ব থিয়েটার কমান্ডার
- কিং শুটং, সেনাবাহিনীর রাজনৈতিক কমিশার
- ইউয়ান হুয়াজি, নৌবাহিনীর রাজনৈতিক কমিশার
- ওয়াং হুবিন, রকেট ফোর্সেস কমান্ডার
- ওয়াং চুনিং, সশস্ত্র পুলিশ বাহিনীর কমান্ডার
হি ওয়েইডংকে চীনের সামরিক কাঠামোর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে গণ্য করা হয় এবং তিনিই প্রথম পলিটব্যুরোর সদস্য যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপটি পার্টি ও সেনাবাহিনীতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ এবং শূন্য সহনশীলতা নীতির প্রতিফলন। বিশ্লেষকরা বলছেন, এটি আসন্ন কেন্দ্রীয় কমিটির অধিবেশনের আগে রাজনৈতিক শক্তি পুনর্বিন্যাস বা শুদ্ধিকরণের অংশ হিসেবেও দেখা যেতে পারে।
গত বছর সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুও সিএমসি থেকে অপসারণ করা হয়েছিল। সামরিক ও রাজনৈতিক পর্যায়ে এই পরিবর্তনগুলো আসন্ন নীতি এবং নেতৃত্বের নির্দেশনায় কীভাবে প্রতিফলিত হবে তা এখন নজরে রাখা হচ্ছে।

