বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের ‘প্রধান এআই সেন্টার’ ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর। আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি সেতুতে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে এই পাল্টা পদক্ষেপ নেয়া হয়েছে। তাদের অভিযোগ, ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন, যা যুদ্ধাপরাধের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাহরাইনে মার্কিন ড্রোন ভেসেলের একটি ডিপো ‘ধ্বংস করেছে’ এবং এর ‘অনেকগুলো পুড়ে ছাই হয়ে গেছে’। এ ছাড়া বাহরাইনের ‘প্রধান এআই সেন্টার’ সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়া হয়েছে। মার্কিন বাহিনী এই এআই সেন্টারটিকে ইরানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যবহার করত বলে অভিযোগ করেছে আইআরজিসি।
বিবৃতি অনুযায়ী, এই স্থাপনাগুলোতে ‘বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু ও পরিবহন অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে, তবে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোতে অবস্থিত ‘মার্কিন শেয়ারহোল্ডারদের মালিকানাধীন গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্পদগুলোতে’ হামলা চালানো হবে।
আইআরজিসি আরও দাবি করেছে, ‘মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তারা সবাই এসব যুদ্ধাপরাধের অংশীদার।’

ডেস্ক রিপোর্ট 





















