রাশিয়ার ভেতরে আরও এক সাহসী ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার এঙ্গেলস বিমানঘাঁটিতে হামলা চালিয়ে একটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ধ্বংস করা হয়েছে।
এসবিইউর দাবি, দূরপাল্লার ড্রোন হামলায় বিমানটির লেজের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই টিইউ-৯৫ বোমারু বিমানটি নিয়মিত ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হতো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযানের প্রশংসা করে বলেন, রাশিয়ার যুদ্ধক্ষমতা দুর্বল করতেই এমন হামলা চালানো হচ্ছে। তার ভাষায়, প্রতিটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস মানে ইউক্রেনের শহরগুলোর ওপর সম্ভাব্য আরও বহু ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো।
এসবিইউ আরও জানিয়েছে, রাশিয়ার সামরিক অবকাঠামো ও যুদ্ধযন্ত্রকে লক্ষ্য করেই ধারাবাহিকভাবে এসব অভিযান চালানো হচ্ছে, যাতে আগ্রাসনের মূল্য মস্কোকে আরও বেশি দিতে হয়।
তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ডেস্ক রিপোর্ট 

























