এবার সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) এ হামলা চালানো হয়।
হামলার পরপরই সৌদি আরবের আল–খারজ এবং ইয়ানবু শহরে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায় যে, বিপদ কেটে গেছে এবং এলাকাগুলোর অবস্থা এখন স্বাভাবিক। যদিও হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা বাড়ছে।
এর আগে এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে শেষবার সরাসরি হামলা চালিয়েছিল তেহরান। তবে, এই সর্বশেষ হামলার বিষয়ে সৌদি আরব বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সূত্র– আনাদোলু এজেন্সি

ডেস্ক রিপোর্ট 





















