ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন নতুন মোড় নিয়েছে। টানা ২১ দিন অনশনের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে পুলিশ হাসপাতালে স্থানান্তর করেছে।
রয়টার্স জানায়, ৫৯ বছর বয়সী ওয়াংচুক গত ২৮ জুন থেকে যুব সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর সমর্থনে অনশন চালিয়ে আসছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হচ্ছে।
শনিবার বিক্ষোভস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে আদালতের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওয়াংচুককে সরকারি হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা।
এদিকে, ওয়াংচুকের এই অনশন ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক জনসমর্থন পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলন ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বিশ্লেষকদের মতে, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ওঠা এই আন্দোলন এখন ক্ষমতাসীন বিজেপি সরকারের জন্যও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

ডেস্ক রিপোর্ট 





















