পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে এবার আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দুর্নীতি দমন কমিশন। আদালতের নির্দেশে রাজধানীর অভিজাত গুলশানে থাকা তার দুটি ফ্ল্যাটের দখল বুঝে নিয়েছে দুদক।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গুলশান-২ এলাকার ফ্ল্যাট দুটিতে পৌঁছায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খুলে ফ্ল্যাট দুটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেয় দুদক।
দুদক সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে আদালত সাইফুজ্জামানের অন্যান্য সম্পদের পাশাপাশি এই দুটি ফ্ল্যাটও জব্দের নির্দেশ দেন। ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা, যা তার অবৈধ সম্পদের অংশ হিসেবে তদন্তে উঠে এসেছে।
তবে অভিযানে গিয়ে দুদকের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন, ফ্ল্যাট দুটি থেকে মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এসব বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
আদালতের নির্দেশ বাস্তবায়নের এই পদক্ষেপকে বহুল আলোচিত দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। এখন তদন্তের পরবর্তী ধাপে সাইফুজ্জামানের অন্যান্য জব্দকৃত সম্পদের বিষয়েও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এগিয়ে নেবে দুদক।

ডেস্ক রিপোর্ট 

























