এবার মাত্র এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প আঘাত হেনেছে ইরানে। দেশটির বিভিন্ন এলাকায় এসব ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ–পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, বেশিরভাগ ভূমিকম্পই ছিল কম মাত্রার। তবে এই সময়ের মধ্যে ৪ থেকে ৫ মাত্রার দুটি ভূমিকম্পও আঘাত হেনেছে দেশটিতে। সংবাদমাধ্যম তেহরান টাইমস বলছে, গত ৩ থেকে ১০ জুলাইয়ের মধ্যে ইরানের বিভিন্ন এলাকায় মোট ৮৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ–পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক।
ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (আইআরএসসি) প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ৩ মাত্রার নিচে ৭১টি, ৩ থেকে ৪ মাত্রার ১০টি এবং ৪ থেকে ৫ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে। মোট ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। এটি ১০ জুলাই কেরমান প্রদেশে আঘাত হানে। প্রদেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে খোরাসান রাযাভি প্রদেশে। এরপর সেমনান, কেরমান ও ফার্স প্রদেশে ৮টি করে এবং মাজানদারান প্রদেশে ৭টি ভূমিকম্প হয়েছে। একই সময়ে রাজধানী তেহরানে তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে আলবোরজ, খুজেস্তান, জানজান, সিস্তান–বেলুচিস্তান, কোম, কাজভিন, কুর্দিস্তান, মারকাজি এবং হামেদান প্রদেশে কোনও ভূমিকম্প রেকর্ড হয়নি।
এদিকে মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত ইরানি বর্ষপঞ্জির বছরে (২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত) দেশজুড়ে রিখটার স্কেলে ২ দশমিক ৫–এর বেশি মাত্রার মোট ২ হাজার ৩৮০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এ তথ্যও দিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ–পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক। রেকর্ড হওয়া এসব ভূমিকম্পের মধ্যে ৯১০টির মাত্রা ছিল ৩–এর বেশি, ১৩০টির মাত্রা ছিল ৪–এর বেশি এবং ১৫টির মাত্রা ছিল ৫–এর বেশি। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি হলো ইরানি মালভূমি। বড় ধরনের বিধ্বংসী ভূমিকম্পের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পের ঝুঁকির জন্যও অঞ্চলটি পরিচিত।
বিশ্বে হওয়া মোট ভূমিকম্পের প্রায় ২ শতাংশ ইরানে ঘটলেও, বিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে ভূমিকম্পে নিহত মানুষের ৬ শতাংশেরও বেশি প্রাণহানির ঘটনা ইরানের ভূমিকম্পে ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূলত আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এই দুটি প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। বিশেষ করে খুজেস্তান, কেরমানশাহ ও হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো বেশি ঝুঁকিতে থাকে। বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা কম হলেও অগভীর গভীরতায় সৃষ্ট কম্পন বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, এ ধরনের ভূমিকম্প ভূপৃষ্ঠে বেশি অনুভূত হয় এবং জনবসতিপূর্ণ এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করে।

ডেস্ক রিপোর্ট 

























