যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিভিন্ন দেশে আকাশপথ বন্ধ ও ফ্লাইট বাতিল হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও নাগরিকদের লক্ষ্যবস্তু করতে পারে।
এদিকে এই সতর্কতা জারির কয়েক ঘণ্টা আগেই মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। ফলে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

