সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের দাবি, এ–সংক্রান্ত একটি খসড়া চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহযোগিতার বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এ নিয়ে দুই দেশের আলোচনা ২০২৫ সালের অক্টোবরেই শেষ হয়েছিল, তবু ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য রাজনৈতিক বিরোধিতার কারণে চুক্তিতে এখনো স্বাক্ষর হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
বিশেষজ্ঞদের আশঙ্কা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিশ্চিত না হলে এই চুক্তি ভবিষ্যতে সৌদি আরবের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়িয়ে দিতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ইঙ্গিত দিয়েছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে সৌদি আরবও একই পথে হাঁটতে পারে।
তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। শুধু আগের এক বিবৃতির কথা উল্লেখ করে জানিয়েছে, বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পারমাণবিক বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট 

























