সাংগঠনিকভাবে এক বছরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রত্যাশিত শক্তি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া এনসিপির বড় অর্জন। গণ-অভ্যুত্থানের পরে তারাই প্রথম এ দাবি তুলেছিলেন। গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্র নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডাকসু ও জাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আশানুরূপ ফলাফল না পাওয়াকে দুঃখজনক বলে আখ্যা দেন নাহিদ। তিনি স্বীকার করেন, সংগঠন প্রত্যাশিতভাবে শক্তিশালী হতে পারেনি। বিশ্ববিদ্যালয় এবং সারাদেশে সাংগঠনিক শক্তি গড়ে তোলার যে লক্ষ্য ছিল, তা অর্জন সম্ভব হয়নি।
তিনি বলেন, গত এক বছরে দেশের অস্থিরতা ও গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির দায়ভার তাদের ওপর এসে পড়েছিল। ফলে সংগঠনকে সুসংগঠিত করার সুযোগ কম ছিল। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এ ধরনের ব্যর্থতা যাতে আর না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতারা, জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















