গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। নিহতরা হলেন মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি। তারা বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। বেন মোসে কোম্পানি কমান্ডার ছিলেন এবং বাকি তিনজন ক্যাডেট। নিহতদের মৃত্যুর পর তাদের লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে, যার পেছনে দুটি হামভি গাড়ি ছিল। হামভি গাড়িগুলোর একটি রাস্তা থেকে সরে গেলে বিস্ফোরক সক্রিয় হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, এবং দুজনের অবস্থা স্থিতিশীল।

সেনাবাহিনী এখনও তদন্ত করছে, ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কীভাবে তা সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল।

রাফা থেকে হামাস সদস্যদের হটিয়ে দেওয়ার দাবি করলেও, বিস্ফোরণ থেকে বোঝা যায় সেখানে এখনও কয়েক ডজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে, বেশিরভাগই জেনিনা এলাকায়।