জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে মুক্তি দেওয়া হলেও এক সপ্তাহের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ।
ওয়াকফের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা নবায়নযোগ্য। তবে গ্রেপ্তার বা নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পর্যবেক্ষকরা মনে করছেন, গাজায় চলমান সামরিক অভিযানের প্রসঙ্গ এড়াতে ইসরায়েল আল-আকসা মসজিদের ইমাম ও খতিবদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং দুর্ভিক্ষে শত শত প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
(সূত্র: আনাদোলু)

