ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কফিনে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাদির মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিপ্লবী এই নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হবে। ফলে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন শহীদ হাদি।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাজধানীর বিভিন্ন সড়ক ছাড়াও দেশের নানা শহর ও অঞ্চলে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাতবরণ করেন।

ডেস্ক রিপোর্ট 
























