ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সামরিক অভিযানে ইরানকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র।
রোববার ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিহত সেনারা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তাদের আত্মত্যাগের লক্ষ্য ছিল ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেওয়া। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে ফেরার সময় তিনি এ মন্তব্য করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড—সেন্টকম জানায়, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হন। এর আগের দিন জর্ডানে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনার মৃত্যু হয়। সব মিলিয়ে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
নিহত সেনাদের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন অনেকটাই ধ্বংস হয়ে গেছে এবং দেশটির হাতে খুব সামান্য শক্তি অবশিষ্ট রয়েছে। তিনি আরও জানান, রোববার রাতেও ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে সেন্টকম জানিয়েছে, টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ছে এবং সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কাও জোরালো হচ্ছে।

