দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। এছাড়া ঘরবাড়ি ধসে ও ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩০০ মানুষ।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, শনিবার রাতে দেশটির আন্দিজ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকায়ো প্রদেশের সিকায়া শহরের কাছে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট জানিয়েছে, এখনো নিখোঁজের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্পে বহু বাড়িঘর, একটি গির্জা ও একটি কনভেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, পার্বত্য অঞ্চলে কাঁচা অ্যাডোবি ইটের ঘর বেশি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত চোঙ্গো বাজো এলাকায় বহু মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে গবাদিপশুও।
সবকিছু হারানো বাসিন্দারা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় পেরুতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ২০০৭ সালে দেশটির পিসকো অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।

