একদিকে টানা নবম রাতের মতো ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তেহরানের সঙ্গে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করতে চায় না ওয়াশিংটন। চলমান সংঘাতের মধ্যেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ইরানের সামরিক স্থাপনায় মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকলেও সংকট সমাধানে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আসিয়ান সম্মেলনে যোগ দিতে ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয়। ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে ওয়াশিংটন একাধিকবার চেষ্টা করেছে এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তেহরান আলোচনায় আগ্রহ দেখালে যুক্তরাষ্ট্রও ইতিবাচকভাবে সাড়া দেবে বলে জানান তিনি।
তবে একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌপথে অস্থিতিশীলতা তৈরির অভিযোগও তোলেন রুবিও। তার দাবি, তেহরান বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে।
রুবিও স্মরণ করিয়ে দেন, গত জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি জোরদার করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখা। কিন্তু তার অভিযোগ, ইরান সেই সমঝোতার শর্ত লঙ্ঘন করছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আলোচনার দরজা এখনো খোলা থাকলেও পরিস্থিতির উন্নতি নির্ভর করছে ইরানের পদক্ষেপের ওপর। আর কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে এর সবচেয়ে বড় মূল্য ইরানকেই দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 

























