গাজায় থামছে না রক্তপাত। যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে ঘর ছেড়ে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও এবার রক্ষা পেলেন না। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় অস্থায়ী তাঁবুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ১০ জন।
রোববার চালানো এ হামলায় তাঁবুগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন শিশু ও এক নারীকে প্রথমে কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস্তুচ্যুত পরিবারগুলো তাঁবুর ভেতরে অবস্থান করার সময় হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা শিশুদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও হামলা অব্যাহত থাকায় প্রতিদিনই বাড়ছে হতাহত মানুষের সংখ্যা, আর নিরাপদ আশ্রয়ের স্বপ্নও ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের জন্য।

ডেস্ক রিপোর্ট 

























