ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ ভবন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ ভবন-সংলগ্ন কয়েকটি এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবাও বন্ধ করেছে মোদি সরকার।
সোমবার (২০ জুলাই) সংসদের চলমান বাদল অধিবেশনের মধ্যেই হাজারো বিক্ষোভকারী সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে আন্দোলনকারী ও পুলিশ—উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
এদিকে সংঘর্ষের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানায় সিজেপি। দলটির দাবি, তাদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদ ভবন, যন্তর মন্তর, জনপথ, কনট প্লেস, রেল ভবন ও শাস্ত্রী ভবনসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ১৬৩ ধারা বলবৎ রয়েছে এবং অননুমোদিত কোনো মিছিল বা সমাবেশ করতে দেওয়া হবে না।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন। পরিস্থিতি এখনও থমথমে, আর পুরো নয়াদিল্লিজুড়ে নিরাপত্তা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

ডেস্ক রিপোর্ট 

























