ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব। এবার এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করতে পারবেন। তবে সব মিলিয়ে তাদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন হবে।
সোমবার (২০ জুলাই) গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্ম থেকে ওমরাহ প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। পাশাপাশি ভ্রমণের আগে একই প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্রও সংগ্রহ করা বাধ্যতামূলক।
তবে এই ভিসা সারা বছর কার্যকর থাকলেও হজ মৌসুমে এটি সাময়িকভাবে স্থগিত থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজের ১৩ তারিখ পর্যন্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থা ওমরাহ যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ, নমনীয় এবং পরিকল্পিত করবে বলে আশা করছে সৌদি সরকার।

ডেস্ক রিপোর্ট 

























