মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্পের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্কটল্যান্ড সফরের সময় ট্রাম্পকে ন্যাটালির লেখা একটি আবেগঘন চিঠির তথ্য প্রকাশ্যে আসার পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, সফরের সময় ট্রাম্পের গলফ কার্টের সঙ্গে তাল মেলাতে না পেরে চিঠিটি লেখেন ৩৫ বছর বয়সী ন্যাটালি। এর আগে প্রকাশিত একটি ভিডিওতে ট্রাম্পের চলন্ত গলফ কার্টের পেছনে ন্যাটালিকে দীর্ঘ পথ দৌড়াতেও দেখা যায়।
চিঠিতে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে ন্যাটালি লেখেন, স্কটল্যান্ডের গলফ কোর্সে হাঁটার সময় কোনোভাবে তাকে বিব্রত করে থাকলে তিনি দুঃখিত। একই সঙ্গে তাদের সম্পর্ক যেন অটুট থাকে, সেই প্রত্যাশাও জানান তিনি। উদ্বেগে অনাহার ও নিদ্রাহীনতায় কাটার কথাও উল্লেখ করেন ন্যাটালি।
এর আগেও ট্রাম্পকে লেখা ন্যাটালির আরেকটি চিঠির তথ্য প্রকাশ্যে এসেছিল। সেখানে তিনি ট্রাম্পকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন বলে জানা যায়।
২০১৮ সাল থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ পরিমণ্ডলে রয়েছেন ন্যাটালি। হাড়ের ক্যানসারে আক্রান্ত এই নারী ট্রাম্পের সহযোগিতায় পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ পেয়েছিলেন বলেও প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন।
তবে ন্যাটালির ভাই প্রেস্টন হার্প এই সম্পর্ককে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, ন্যাটালি ট্রাম্পের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট নন; বরং তার প্রতি এক ধরনের মোহাচ্ছন্নতায় ভুগছেন।
ফলে ন্যাটালির চিঠি প্রকাশ্যে আসার পর ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনের বাইরেও নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন।

ডেস্ক রিপোর্ট 





















