এল নিনোর প্রভাবে খরা ও অতিরিক্ত তাপমাত্রায় পানির স্তর কমে যাওয়ায় আগামী সেপ্টেম্বর থেকে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পানামা ক্যানেল অথরিটি নতুন এই ট্রাফিক সীমা ঘোষণা করে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ খাল দিয়ে চলাচলের সুযোগ পাবে। আর ১৫ সেপ্টেম্বর থেকে সেই সংখ্যা কমিয়ে ৩২টিতে নামিয়ে আনা হবে।
স্বাভাবিক সময়ে পানামা খাল দিয়ে প্রতিদিন প্রায় ৪০টি জাহাজ চলাচল করতে পারে। বর্তমানে গড়ে ৩৫টি জাহাজ চলাচল করছে। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫ শতাংশ এই জলপথের ওপর নির্ভরশীল।
ফলে জাহাজ চলাচল সীমিত হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ধীরগতি তৈরি হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনের খরচও বাড়তে পারে।
এর আগে ২০২৩ সালে ভয়াবহ খরার কারণে পানামা খালে জাহাজ চলাচল প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত ব্যাহত হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, পানামা খালের লক ব্যবস্থা পরিচালনায় বিপুল পরিমাণ স্বাদু পানির প্রয়োজন হয়। একই পানি স্থানীয় জনগণের পানীয় জল সরবরাহের জন্যও গুরুত্বপূর্ণ। তাই পানির মজুত রক্ষা এবং মানুষের সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতেই নতুন এই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনে শক্তিশালী এল নিনো তৈরি হলে পানামা সিটি ও আশপাশের এলাকায় পানির সংকট আরও তীব্র হতে পারে।

