দীপাবলিকে আরও আলোকিত করে তুললেন উদ্যোক্তা ও সমাজকর্মী এম কে ভাটিয়া। উৎসবের আনন্দ ভাগ করে নিতে তিনি তার প্রতিষ্ঠানের ৫১ জন কর্মীকে উপহার দিয়েছেন একেকটি নতুন গাড়ি। মিটস হেলথকেয়ারের এই প্রতিষ্ঠাতা নিজ হাতে কর্মীদের গাড়ির চাবি তুলে দেন।
এ নিয়ে টানা তৃতীয় বছর ধরে সহকর্মীদের গাড়ি উপহার দিচ্ছেন ভাটিয়া। লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “গত দুই বছর আমরা আমাদের নিবেদিতপ্রাণ টিমকে গাড়ি উপহার দিয়ে উৎসব উদযাপন করেছি—এ বছরও সেই আনন্দের ধারাবাহিকতা বজায় থাকছে। আমি কখনো তাদের কর্মী বলিনি; তারা আমার জীবন সিনেমার রকস্টার সেলিব্রিটি, যারা প্রতিটি দৃশ্যকে ব্লকবাস্টার বানিয়ে দেয়।”
ভাটিয়ার উপহার প্রদান শেষে আয়োজন করা হয় এক বিশেষ ‘কার গিফট র্যালি’। শোরুম থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় মিটস হাউস অফিসে। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবের উচ্ছ্বাস ও কর্মীদের আনন্দোচ্ছ্বাস।
কেন এমন দামী উপহার দেন—এ প্রশ্নের জবাবে ভাটিয়া বলেন, “আমার সহকর্মীরাই আমার ফার্মাসিউটিক্যাল ব্যবসার মূল শক্তি। তাদের পরিশ্রম, সততা ও নিষ্ঠাই আমাদের সাফল্যের ভিত্তি। তাদের অনুপ্রাণিত করাই আমার লক্ষ্য।”
ভারতের চণ্ডীগড়ের পঞ্চকুলায় প্রতিষ্ঠিত মিটস হেলথকেয়ারের এই উদ্যোগ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকে প্রশংসা করেছেন ভাটিয়ার উদারতা ও মানবিকতা। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “আমি এটা আমার ম্যানেজারকে দেখালাম, তিনি বললেন—এটা নিশ্চয়ই এআই ভিডিও! আমাদের কোম্পানি তো শুধু এক বয়াম শুকনো ফল আর চারটা প্রদীপ দিয়েছে!”
আরেকজন লিখেছেন, “এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এমন বসই কর্মীদের পরিবারে পরিণত করতে পারেন।”
অন্য এক মন্তব্যে বলা হয়েছে, “এম কে ভাটিয়া জি, আপনার মতো মানুষ আজকের সময়ে বিরল। আপনার উদারতা ও মানবিকতা সত্যিই ঈশ্বরপ্রদত্ত।”
সূত্র: হিন্দুস্তান টাইমস

