ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, গাজায় হাজারো মানুষের মৃত্যু, হাসপাতালের ওপর হামলা এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার জন্য তিনি দায়ী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তারও সমালোচনা করেন তিনি।
মামদানি বলেন, নিউইয়র্ক সিটির নিজস্বভাবে আইসিসির পরোয়ানা কার্যকর করার ক্ষমতা নেই। তবে তিনি ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইসিসির সঙ্গে সহযোগিতা করে নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত।
তিনি আরও বলেন, "বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে স্বাগত নন। যুদ্ধাপরাধের অভিযোগ থাকা কাউকেই আমরা স্বাগত জানাই না।"
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের মধ্যেই নেতানিয়াহুকে নিয়ে নিউইয়র্কের মেয়রের এই বক্তব্য নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা উসকে দিয়েছে।

