উগান্ডার ক্যাম্পালা-গুলু মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরও দুটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৩ জন বলা হলেও পরে তা সংশোধন করে ৪৬ জনে নামিয়ে আনা হয়। পুলিশ জানিয়েছে, যাদের শুরুতে মৃত মনে করা হয়েছিল, তাদের মধ্যে অনেকেই অচেতন ছিলেন এবং পরে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানডঙ্গোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে উগান্ডা পুলিশ।

আঞ্চলিক পুলিশ মুখপাত্র জুলিয়াস হাকিজা জানিয়েছেন, ওভারটেকের সময় বাসদুটি সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে চারটি যানবাহন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।

দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা ও আহতদের ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ক্যাম্পালা-গুলু মহাসড়কটি উগান্ডার অন্যতম ব্যস্ত সড়ক। পুলিশ জানিয়েছে, বেপরোয়া ও বিপজ্জনক ওভারটেকিংই এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণ।