ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, আন্দোলনের আড়ালে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা চলছে। তবে সেই চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার কলকাতার রাজারহাট-নিউটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ বলেন, নিট পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনে কিছু গোষ্ঠী বিদেশি শক্তির মদদে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, কৃষক, শিক্ষার্থী ও নারী আন্দোলনে একই ধরনের সংগঠিত গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং আন্দোলনের আড়ালে শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিরোধী নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
তবে আন্দোলন নিয়ে করা এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অন্যদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 






















