মোবাইলে কার্টুন দেখছে এক শিশু। আর ঠিক পাশেই কুণ্ডলী পাকিয়ে বসে আছে একটি সাপ। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটি কোথায় বা কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে দেখা যায়, বিছানায় উপুড় হয়ে মোবাইল দেখছিল শিশুটি। এ সময় একটি সাপ ধীরে ধীরে তার পাশে এসে মোবাইলের স্ক্রিনের সামনে মাথা তোলে। কিছুক্ষণ পর সাপটি সরে যেতে চাইলে শিশুটি সেটিকে ধরে আবার মোবাইলের সামনে আনার চেষ্টা করে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়।
ভিডিওটি ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। কেউ শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ ধারণা করছেন এটি হয়তো পোষা ও নির্বিষ সাপ।
তবে ভিডিও দেখে সাপটির প্রজাতি বা এটি বিষধর কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, বিষধর হোক বা নির্বিষ—সাপের সঙ্গে শিশুদের এমন মেলামেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এমন দৃশ্য দেখে কেউ যেন অনুকরণ না করেন।

ডেস্ক রিপোর্ট 






















