আন্তর্জাতিক নিয়ম ও দীর্ঘদিনের ঐতিহাসিক চুক্তি উপেক্ষা করে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। তার নেতৃত্বে কয়েক হাজার উগ্রপন্থী ইহুদি সেখানে প্রবেশ করে প্রার্থনা ও উল্লাসে অংশ নেন। বৃহস্পতিবার ইহুদিদের শোক দিবস ‘তিশা বি আ’ উপলক্ষে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সকাল থেকেই বেন গিভির ও তার অনুসারীরা আল-আকসা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে প্রকাশ্যে প্রার্থনা ও উল্লাস করতে দেখা যায় তাদের। পরে এক ভিডিও বার্তায় বেন গিভির দাবি করেন, ইহুদিরা নিজেদের এই স্থানের প্রকৃত মালিক মনে করে। পাশাপাশি পুরো প্রাঙ্গণে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইঙ্গিতও দেন তিনি।
তবে ইসরায়েল-জর্ডানের দীর্ঘদিনের ‘স্ট্যাটাস কো’ চুক্তি অনুযায়ী, অমুসলিম দর্শনার্থীরা আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করতে পারলেও সেখানে কোনো ধরনের ধর্মীয় উপাসনা বা প্রার্থনা করার অনুমতি নেই। ঐতিহাসিক এই স্থানের প্রশাসনিক দায়িত্বও জর্ডানের ইসলামিক ওয়াকফের হাতে রয়েছে। সমালোচকদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করে আল-আকসায় প্রবেশ করেছেন বেন গিভির।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব। জর্ডান বলেছে, আল-আকসায় জোরপূর্বক প্রবেশ এবং এতে ইসরায়েলি পুলিশের সহযোগিতা আন্তর্জাতিক আইন ও বিদ্যমান চুক্তির স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে তুরস্ক আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, আল-আকসার ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা রক্ষা করা এখন সবার দায়িত্ব।

