ভারতে প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে মোদি সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ভবিষ্যতের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং দেশের শত্রু হিসেবে দেখছে কেন্দ্রীয় সরকার।
সোনিয়া গান্ধীর ভাষ্য, শিক্ষার্থীরা শুধু জবাবদিহিতা ও শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছে। কিন্তু তাদের দাবির জবাবে সরকার সংলাপের পরিবর্তে কঠোরতা ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। তার মতে, শিক্ষার্থীদের প্রতি সরকারের এই আচরণ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
তিনি আরও দাবি করেন, আন্দোলন দমনে পুলিশের কঠোর অবস্থান নতুন কিছু নয়। ২০২০ সালের সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন এবং নারী কুস্তিগীরদের আন্দোলনের সময়ও একই ধরনের আচরণ দেখা গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
সোনিয়া গান্ধী বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অবনতির প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতজুড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। তাই এই সংকট মোকাবিলায় দমন-পীড়নের পরিবর্তে সরকারকে সংলাপ ও কার্যকর সংস্কারের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের দাবিতে কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সরকার ইতোমধ্যে কঠোর আইন ও দ্রুত বিচারের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা বলছেন, শুধু শাস্তি নয়, পুরো পরীক্ষা ব্যবস্থার সংস্কারই এখন সময়ের দাবি।

ডেস্ক রিপোর্ট 





















