তাইওয়ানকে ঘিরে আবারও সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপটির আশপাশে চীনের ৮টি যুদ্ধবিমান, ৬টি যুদ্ধজাহাজ এবং ৪টি সরকারি নৌযান শনাক্ত করা হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তাইওয়ান জানায়, শনাক্ত হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে ছয়টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে দ্বীপটির উত্তর, দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা এডিআইজেডে প্রবেশ করে। পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
এর আগের দুই দিনেও একই ধরনের তৎপরতা চালায় বেইজিং। বৃহস্পতিবার তাইওয়ানের আশপাশে ২১টি যুদ্ধবিমান, ৬টি যুদ্ধজাহাজ ও ২টি সরকারি নৌযান এবং বুধবার ১২টি যুদ্ধবিমান, ১০টি যুদ্ধজাহাজ ও ৭টি সরকারি নৌযান মোতায়েন করা হয়। দুই দিনই একাধিক চীনা যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে।
এদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন।
তাইওয়ানকে চীন নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করলেও, দ্বীপটি দীর্ঘদিন ধরেই নিজস্ব সরকার, সেনাবাহিনী ও অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে কার্যত স্বশাসিতভাবে পরিচালিত হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক টানাপোড়েনও অব্যাহত রয়েছে।

