ভারতে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মাদুরাই শহরে অনুষ্ঠিত এক হাই-ভোল্টেজ সমাবেশে ক্ষমতাসীন বিজেপিকে নিজের দলের একমাত্র ‘আদর্শিক শত্রু’ ঘোষণা করেছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। একই সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে-কেও কেন্দ্রের সঙ্গে গোপন সম্পর্ক রাখার অভিযোগে sktarget করেন তিনি।

দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় ইতিহাসের সমান্তরাল টেনে এবং আঞ্চলিক গর্বকে জাগিয়ে তুলে টিভিকে-কে তামিলনাড়ুর রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করেন। বক্তৃতায় তিনি প্রতীকী ভাষা ব্যবহার করে বলেন—“সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে, আবার একা থাকতেও জানে। সিংহ কেবল শিকারের জন্য বের হয়, বিনোদনের জন্য নয়।”

গুজব উড়িয়ে দিয়ে বিজয় স্পষ্ট করেন, টিভিকে বিজেপির সঙ্গে কোনো জোটে যাচ্ছে না। তার দাবি, দল কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং জনগণের স্বার্থই প্রধান লক্ষ্য। এ সময় তিনি বিজেপিকে অভিযুক্ত করেন তামিলনাড়ুর সাংস্কৃতিক ও সামাজিক বাস্তবতা উপেক্ষার জন্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন—“এনইইটি বাতিল করুন, আপনি কি তা পারবেন?” বিজয়ের অভিযোগ, কেন্দ্র একগুঁয়েমির কারণে শিক্ষার্থীদের ওপর এ পরীক্ষা চাপিয়ে দিয়েছে। তামিল শিক্ষার্থীদের কষ্টের প্রতি কেন্দ্র বধির হয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই ভাষণকে টিভিকে-র জন্য একটি ‘মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত’ হিসেবে দেখা হচ্ছে। সমর্থন আদায়ে প্রতীকবাদ, আবেগ এবং তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা ব্যবহার করে তিনি দলের অবস্থান স্পষ্ট করেছেন—জনগণের দল বনাম বিজেপি।

সূত্র: লাইভমিন্ট, নিউজ১৮