বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারতের সরকার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে দেশটি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশনে নতুন দুই প্রেস কর্মকর্তা নিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী পোস্টের অভিযোগ থাকা দুই কর্মকর্তার নিয়োগ নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া রয়েছে কি না।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি তারা অবগত এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে তারা আগ্রহী।
এদিকে, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

