ইরানকে অস্ত্র সরবরাহ করা হলে চীন ও রাশিয়াকে ‘খুবই খারাপ’ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সম্প্রতি বেইজিংয়ে বৈঠকের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, চীন বা কোনো চীনা কোম্পানি ইরানকে অস্ত্র সরবরাহ করবে না। ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্কের কথা বিবেচনা করে তিনি শি জিনপিংয়ের এ আশ্বাসে আস্থা রাখছেন।

রাশিয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন। তার দাবি, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র বিক্রি করে না; বরং ন্যাটো দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করা হয় এবং সেগুলোর পরবর্তী ব্যবস্থাপনা ন্যাটোর বিষয়।

ট্রাম্পের ভাষ্য, চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সহায়তায় জড়িয়ে পড়ে, তাহলে সেটি তাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধেই যাবে এবং এর পরিণতি হবে ‘খুবই খারাপ’।