ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলনকারী সংগঠন তেলাপোকা জনতা পার্টি—সিজেপি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি লিখেছে, ‘ছাত্রশক্তির জয় হোক।’
জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত জুন মাস থেকে দিল্লির জন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সিজেপি। তারা শুরু থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও জবাবদিহির দাবি জানিয়ে আসছিল।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠান ধর্মেন্দ্র প্রধান।
পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার প্রথম দিন থেকেই তিনি দায় স্বীকার করেছিলেন এবং কখনোই দায়িত্ব এড়িয়ে যাননি। তিনি দাবি করেন, কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন ‘পরীক্ষা মাফিয়া’র কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই ছিল তার অঙ্গীকার।
তিনি আরও বলেন, দেশের তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো তাকে ব্যথিত করেছে। তাই দেশের স্বার্থ এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 


















