২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার সময় বিশ্বজুড়ে আলোড়ন তোলা ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররার সেই ঐতিহাসিক ছবি এবার জায়গা পেয়েছে মিশরের স্কুল পাঠ্যবইয়ে। ঘটনার ২৫ বছর পর নতুন ইতিহাস পাঠ্যক্রমে ছবিটি অন্তর্ভুক্ত করা হলো।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
নতুন পাঠ্যবইয়ে ‘দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা ২০০০’ শিরোনামের একটি অধ্যায়ে ছবিটি যুক্ত করা হয়েছে। ছবিটির নিচে ক্যাপশন হিসেবে লেখা হয়েছে—‘যে মুহূর্তে মুহাম্মদ আল-দুররাকে গুলি করা হয়েছিল।’
২০০০ সালের ইন্তিফাদার সময় ধারণ করা ওই ছবি ফিলিস্তিনি সংকটের অন্যতম প্রতীক হয়ে ওঠে। মিশরের নতুন পাঠ্যক্রমেও এটিকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং ফিলিস্তিনি সংকটের দীর্ঘ ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
পাঠ্যবইয়ে দ্বিতীয় ইন্তিফাদা, সংঘাত, শান্তি প্রচেষ্টা এবং পরবর্তী সময়ে গাজা উপত্যকার পরিস্থিতিও ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। সেখানে মুহাম্মদ আল-দুররার ছবিকে সংঘাতের মানবিক দিকের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
মুহাম্মদ আল-দুররার বাবা জামাল আল-দুরা বলেন, পাঠ্যবইয়ে তার ছেলের ছবি যুক্ত হওয়ার গুরুত্ব শুধু একটি ছবি বা নামের স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে, ইতিহাসের প্রতিটি ঘটনার পেছনে বাস্তব মানুষ এবং তাদের জীবন-অভিজ্ঞতা রয়েছে।
তিনি আশা করেন, তার ছেলের গল্প শিক্ষার্থীদের ফিলিস্তিন সংকটকে শুধু রাজনৈতিক ঘটনা বা কিছু তারিখ হিসেবে নয়, বরং সাধারণ মানুষের দুর্ভোগ ও বাস্তব অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকেও বুঝতে সাহায্য করবে।
দীর্ঘ ২৫ বছর পর মুহাম্মদ আল-দুররার সেই ছবি এবার মিশরের নতুন প্রজন্মের ইতিহাস শিক্ষার অংশ হলো।

ডেস্ক রিপোর্ট 






















