ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে হুতিদের চালানো একটি ড্রোন হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, আহতদের মধ্যে দুইজন ষাটোর্ধ্ব পুরুষ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। একজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন এবং বাকি ১৭ জনের অবস্থা তুলনামূলকভাবে সামান্য। বেশিরভাগ আহতের শরীরে শেল বা খণ্ডবিস্ফোরকের আঘাত পাওয়া গেছে।

হামলার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পাশাপাশি কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ড্রোনটি ইলাতের একটি বাজার এলাকায় আঘাত হানে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ড্রোনটি ইয়েমেন থেকে হুতিরা নিক্ষেপ করেছে এবং এটিকে আটকানোর প্রচেষ্টা ব্যর্থ হয়।

এর আগে গত সপ্তাহেও হুতিদের ছোড়া একটি ড্রোন ইলাতের একটি হোটেলে আঘাত হেনেছিল। তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইলাত শহরটি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছে সেনাবাহিনী।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল