ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব শেষ করা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
গাজার মানবিক বিপর্যয়কে “অসহনীয়” আখ্যা দিয়ে তিনি অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দিদের মুক্তির আহ্বান জানান। একইসঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার ইসরায়েলের নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলেকজান্ডার স্টাব বলেন, জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব, মানবাধিকার ও মৌলিক নীতিগুলো রক্ষা করা জরুরি। যেমন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কোনো অধিকার নেই, তেমনি ইসরায়েলেরও ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন ভঙ্গ করার অধিকার নেই। কোনো রাষ্ট্রেরই অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে সুদান কিংবা কঙ্গোর মতো দেশে প্রক্সি যুদ্ধ চালানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, আলোচনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। ১৯৬৭ সালে যে দখলদারিত্ব শুরু হয়েছিল, তা শেষ করতে হবে এবং সব ইস্যুর স্থায়ী সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, গাজার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানবিক বিপর্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, যা আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন।
সম্প্রতি জাতিসংঘের তদন্তকারীরাও জানিয়েছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
নিজের ভাষণে স্টাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারেরও আহ্বান জানান এবং বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কম প্রতিনিধিত্বশীল কাঠামো আর গ্রহণযোগ্য নয়।

